ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পদার্থবিজ্ঞানে পড়াশোনা, তবুও রোগীদের লিখতেন প্রেসক্রিপশন

পদার্থবিজ্ঞানে পড়াশোনা, তবুও রোগীদের লিখতেন প্রেসক্রিপশন
×

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৪

পঞ্চগড়ে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন দেওয়া এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোকসানা আক্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনাসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখতেন। তিনি এন্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধও দিতেন বলে অভিযোগ রয়েছে। গত ১৪ আগস্ট সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন লিখে দেন তিনি। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

মঙ্গলবারের অভিযানে রোকসানার ফার্মেসিতে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার বিজ্ঞাপনও দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, ‘দোকানে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন পাওয়া গেছে, যার অনুমতি তাঁর ছিল না। একই সঙ্গে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন

×