ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রত্নতাত্ত্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

প্রত্নতাত্ত্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
×

ছবি: সমকাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৫

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের উন্নয়নে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, এ সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধন আরও জোরদার হবে।

উত্তরাঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্রে তৈরি পুরোনো ৬৬৩৯ সিরিজের একটি লোকোমোটিভ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রদূত। পরে তিনি কারখানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে আন্তনগর নীলসাগর ট্রেনে সাধারণ যাত্রীদের সঙ্গে সৈয়দপুরের উদ্দেশে পার্বতীপুর ছাড়েন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে গত ৩০ আগস্ট তিন দিনের উত্তরাঞ্চল সফরে আসেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

সফরকালে তিনি প্যারাগন দুগ্ধ খামার, নীলফামারীর তিস্তা ব্যারাজ, পঞ্চগড়ের মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, সদর হাসপাতাল, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রক মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ফ্যাক্টরি পরিদর্শন করেন।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সূর্যপুরী আমগাছ, দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ, সৈয়দপুরের চিনি মসজিদ এবং রেলওয়ে ওয়ার্কশপও পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন

×