শিকড়ের শুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে ‘ভাব তরঙ্গ’
ময়মনসিংহের জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে বাউল আসর সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
শিকড়ের সংস্কৃতির সহজাত শুদ্ধ রূপ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মানসে ময়মনসিংহ নগরীতে শুরু হয়েছে ‘ভাব তরঙ্গ’ শিরোনামে বাউল গানের আসর। ‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারবদ্ধ’– মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে এ উদ্যোগ নিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। নগরীর ব্রহ্মপুত্র নদ-সংলগ্ন জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসছে মরমি সুরের এই আসর।
ইতোমধ্যে আসরটির দুটি পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই ‘লালন পর্ব’ আয়োজনের মাধ্যমে ভাব তরঙ্গের সূচনা হয়। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় ‘জালাল পর্ব’, যেখানে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর মরমি ও তত্ত্বীয় গান পরিবেশন করেন বাউল শিল্পীরা। আগামী ১১ সেপ্টেম্বর ‘করিম পর্ব’ অনুষ্ঠিত হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে, যেখানে সুনামগঞ্জের বাউল সাধক শাহ আবদুল করিমের বিভিন্ন ঘরানার গান পরিবেশিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শিকড়ের সংস্কৃতির শুদ্ধ রূপ বিকাশের লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই বাউল আসরের আয়োজন করা হচ্ছে। একেক পর্বে একেকজন সাধকের সৃষ্টি ও দর্শনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। লালনগীতি ও জালালগীতির পর আগামী পর্বগুলোতেও বাউল সাধকদের প্রখর চিন্তার গানের বাণীগুলো একইভাবে উপস্থাপিত হবে।
উদ্যোগটি সম্পর্কে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, বাঙালি জাতির রয়েছে সমৃদ্ধ সংস্কৃতির ভান্ডার। বাংলার মাটিতে যুগে যুগে এমন অনেক স্বশিক্ষায় শিক্ষিত বাউল সাধকের আগমন ঘটেছে, যারা গানের মাধ্যমে গণমানুষের অধিকার, সৃষ্টিতত্ত্ব, দেহতত্ত্ব, মানবতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার কথা তুলে ধরেছেন। তাদের এই বাণীগুলো শুদ্ধরূপে মানুষের সামনে আনা প্রয়োজন। বর্তমান সময়ে সংগীত যেখানে সস্তা বাণিজ্যিক বিনোদনের উপকরণে পরিণত হচ্ছে, সেখানে শিকড়ের সংস্কৃতি রক্ষা এবং সাধকদের দর্শনের শুদ্ধ রূপ মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই যাত্রা।
গত দুই পর্বে দেখা গেছে, আয়োজনে নেই কোনো কৃত্রিম আভিজাত্য বা গতানুগতিক আনুষ্ঠানিকতার চাপ। ব্রহ্মপুত্রের পাড়ে প্রকৃতির মাঝে মাটিতে বসে একেবারে পুরোনো আবহে গান পরিবেশন করা হচ্ছে। বাদকরা মাটিতে বসে বাদ্যযন্ত্রে সংগত করছেন, আর গায়করা কাঁধে বেহালা বা হাতে দোতারা নিয়ে খালি গলায় সুরের দ্যুতি ছড়িয়ে দিচ্ছেন চারপাশে। যান্ত্রিক পরিবেশ থেকে বেরিয়ে এসে প্রকৃতির সান্নিধ্যে এমন সহজাত আয়োজনে মুগ্ধ হচ্ছেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
- বিষয় :
- বাউলশিল্পী