টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩২
গাজীপুরের টঙ্গীতে শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন এবং অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে গোপালপুর সোসাইটি মাঠে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন।
পরে রাত ১২টার দিকে হামলাকারীরা একটি সিএনজিতে করে আহত নুরুল ইসলামকে তার বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সিএনজিতে তোলার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিএনজি চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- টঙ্গী