বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে: শামা ওবায়েদ
ছবি- সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০০
বিএনপিকে উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্রের জন্য সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের কল্যাণে যত কাজ হয়েছে, সবই বিএনপির হাত ধরে হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম খালেদা জিয়াসহ বিএনপির বহু নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ গড়তে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- উন্নয়ন
- বাংলাদেশ
- শামা ওবায়েদ