ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিল বেশি: ববি হাজ্জাজ

বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিল বেশি: ববি হাজ্জাজ
×

সংগৃহীত ছবি

যশোর অফিস

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৭

বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিল বেশি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বুধবার বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রায় সরকারের পরিকল্পনা’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে শিক্ষার বাজেট দিত, বাজেট শেষ হওয়া দিয়ে নির্ধারণ হত শিক্ষার সফলতা। এখন আমরা অবকাঠামো নয়, শিক্ষার মান দিয়েই সফলতা নির্ধারণ করছি। আমাদের শিক্ষার্থীরা কতটুকু শিখছে, এর ভিত্তিতেই মূল্যায়ন হবে আমাদের মন্ত্রণালয়সহ পুরো প্রাথমিক শিক্ষাব্যবস্থা।’

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হবে। স্থানীয় খেলোয়াড় বা ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ এমন ব্যক্তিদের এ শিক্ষাদানে শিক্ষক হিসেবেও অগ্রাধিকার দেওয়া হবে।’

এ ছাড়া আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ দেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট ছাড়াও রান্না করা খাবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হবে।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মাসুম হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাছুম বিল্লাহ। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রাথমিকের শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

×