চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২১
একদিকে শত শত কৃতী শিক্ষার্থীর চোখে আগামীর রঙিন স্বপ্ন, অন্যদিকে প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবীদের অভিজ্ঞতার দীপ্তি এমন আবহে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার রাতে বর্ণিল ও নান্দনিক আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চার শতাধিক গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, বই ও সনদ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক সাঈদ আল নোমান বলেন, রাজনীতিতে পূর্ণ জবাবদিহির সংস্কৃতি চালু করা এখন সময়ের দাবি। নেতৃত্ব কোনো রাজকীয় পদ বা ক্ষমতার প্রতীক নয়, নেতৃত্ব হলো জনগণের সেবক হওয়া। প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা না গেলে সমাজে প্রকৃত সাম্য, ন্যায়বিচার ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
তিনি শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আপনাদের কাছে কখনো এসে দোয়া চেয়ে ভোট চাইনি, আজকেও ভোট দিতে বলছি না। কিন্তু আপনাদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে তরুণদের সচেতন নাগরিকের ভূমিকা পালন করতেই হবে।’
সাঈদ আল নোমান নতুন, সাম্যভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মেধা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী অবদানের ওপর দাঁড়িয়েই আজকের আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। ১৮ বছরের অন্ধকার শাসন পেরিয়ে আজ যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার হাল এই তরুণদেরই ধরতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. ছিদ্দিক আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ কামরুল হাসান ও এসকে খোদা তোতন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমাদুর রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।
- বিষয় :
- শিক্ষার্থী
- সংবর্ধনা