ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘বিএনপিকে ধ্বংস করে প্রতিষ্ঠিত করা হচ্ছে গণঅধিকার পরিষদকে’

‘বিএনপিকে ধ্বংস করে প্রতিষ্ঠিত করা হচ্ছে গণঅধিকার পরিষদকে’
×

গলাচিপা বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৩

বিএনপিকে ধ্বংস করে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির একাংশের নেতারা। গতকাল বুধবার সন্ধ্যায় দশমিনা উপজেলার সদর রোডে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেন তারা। এতে অংশ নেওয়া নেতারা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থক।

বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জয়ী হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় হাসান মামুনকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে হাসান মামুনের বহিষ্কারাদেশ দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের জন্য নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তারা দুই উপজেলায় ত্যাগী নেতাদের নিয়ে বিএনপির কমিটি গঠনের দাবি জানান।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল। তিনি গলাচিপায় গত মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হামলার জন্য আওয়ামী লীগ থেকে গণঅধিকার পরিষদে আসা ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। দফায় দফায় হামলায় তাদের বহু নেতাকর্মী আহত হন বলেও জানান তিনি।

ফখরুজ্জামান বাদল অভিযোগ করেন, দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির নেতৃত্ব একটি কুচক্রী মহলের হাতে চলে গেছে। তারা দলকে ব্যবহার করে নানা ধরনের লুটপাট, চর দখল, জমি দখল, অবৈধভাবে বালু তোলা, সরকারি টিউবওয়েল বরাদ্দ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজীব মাস্টার, দশমিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক জহির প্যাদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মহল্লাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস প্রমুখ।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন সমকালকে বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপি জোটের শরিক দল। বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন।’

উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ শাহ আলম শানু এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হিসেবে উল্লেখ করেন। তিনি পাল্টা অভিযোগ করছেন, তারাই বরং গত ৫ আগস্টের (অভ্যুত্থান) পর থেকে ধারাবাহিকভাবে বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট করেছেন। এ কারণেই স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পরাজিত হয়েছেন। যারা জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছেন, তারা দলের কেউ নন বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন

×