ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কক্ষে ঢুকে পাউবো কর্মকর্তাকে সিবিএ নেতাদের কিলঘুসি

কক্ষে ঢুকে পাউবো কর্মকর্তাকে সিবিএ নেতাদের কিলঘুসি
×

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কার্যালয়ে কর্মরত এক উপসহকারী প্রকৌশলী নিজ কক্ষে হামলার শিকার হয়েছেন। গতকাল বুধবার দুপুরে শহরের গাইটাল শিক্ষকপল্লি এলাকায় অবস্থিত কার্যালয়ে এই হামলা হয়। এ বিষয়ে হামলার শিকার উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার জন্য তিনি একই কার্যালয়ের কয়েকজন সিবিএ নেতাকে দায়ী করেন। 
ভুক্তভোগী মাহমুদুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে। তিনি যাদের দায়ী করেছেন, তারা হলেন– একই কার্যালয়ের উচ্চমান সহকারী সোয়াইব আহমেদ, অফিস সহায়ক মো. আবু বক্কর ছিদ্দিক, কার্যসহকারী মো. জাকির হোসেন ও ইসতিয়াক আহমেদ। তারা সবাই গাইটাল শিক্ষকপল্লি এলাকার বাসিন্দা। সোয়াইব আহমেদ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাউবো জেলা শাখার সভাপতি বলে জানা গেছে। 
থানায় দেওয়া অভিযোগে প্রকৌশলী মাহমুদুল ইসলাম লিখেছেন, প্রায় দুই মাস আগে তাঁর কাছে বিবাদীরা সংগঠনের এক কেন্দ্রীয় নেতার সংবর্ধনা উপলক্ষে চাঁদা দাবি করেছিলেন। তিনি অস্বীকার করায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তারা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ কক্ষে কাজ করছিলেন। এ সময় তাঁর কক্ষে ঢুকে কেন্দ্রীয় নেতার সংবর্ধনার জন্য কেন চাঁদা দেননি জানতে চেয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সিবিএ নেতারা। পরে তাঁকে গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে হামলাকারীরা এই প্রকৌশলীকে চেয়ার দিয়ে আঘাত করেন। পাশাপাশি কিলঘুসি মারতে থাকেন। 
প্রকৌশলী মাহমুদুলের চিৎকারে অন্য কর্মীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় মামলা করলে প্রকৌশলী ও অন্যদের হুমকিও দেওয়া হয়। পরে অন্য কর্মীদের সহায়তায় মাহমুদুল ইসলাম আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেন। 
এ বিষয়ে বিস্তারিত জানতে উপসহাকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। হামলায় অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোনে কল দিয়েও সংযোগ মেলেনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, তারা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ তদন্তও শুরু করেছে।

আরও পড়ুন

×