চট্টগ্রামে প্রশাসনের উদ্যোগ
১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে চিড়িয়াখানা ফ্রি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ চালু করেছে জেলা প্রশাসন। ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে। গতকাল বুধবার ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উদ্বোধনী দিনে শতাধিক শিক্ষার্থী ১০০ গ্রাম করে প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ পায়। এ সময় তাদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘তরুণ প্রজন্মের প্রতি আমাদের সবার অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদের সুস্থ মানসিক বিকাশের পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে। আমি শুধু বললেই হবে না– তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। তার জন্য সেই পরিবেশটাও আমাদের নিশ্চিত করতে হবে।’
তরুণদের বড় অংশ স্ক্রিননির্ভর হয়ে পড়ছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন মোবাইল ফোন, অনলাইন ভিডিও ও ভার্চুয়াল জগতে তাদের অনেক সময় চলে যাচ্ছে। চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, কুমিরসহ বিভিন্ন পশুপাখি সরাসরি দেখার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। অনেক শিক্ষার্থী এসব প্রাণী বাস্তবে দেখার সুযোগ পায় না। আবার আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক অভিভাবক ইচ্ছা থাকা সত্ত্বেও সন্তানদের চিড়িয়াখানায় নিয়ে আসতে পারেন না। তাদের প্রকৃতির কাছে ফিরিয়ে আনার চিন্তা থেকেই চিড়িয়াখানায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
- বিষয় :
- চিড়িয়াখানা