ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ বহির্বিভাগ

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ বহির্বিভাগ
×

ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪২

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) কর্মবিরতির মধ্যেই বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে রাখেন।

হাসপাতাল কর্তৃপক্ষ টিকিট কাউন্টার চালুর চেষ্টা করলেও ইন্টার্ন চিকিৎসকেরা তা করতে দেননি। আন্দোলনকারীরা জানান, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ডা. ঋতুল মণ্ডল স্নিগ্ধ বলেন, আমাদের নিরাপত্তাসহ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক, নার্স, কর্তৃপক্ষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের নিয়ে মতবিনিময় সভা হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারি হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনার পর রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকেরা দাবি করেন, হামলায় অন্তত তাদের ১৫ জন আহত হয়েছেন। যাদের ছয়জনের আঘাত গুরুতর বলেও দাবি করেন তারা। হামলাকারীদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

তবে শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, ইন্টার্নদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। মিডলেভেল চিকিৎসক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানসহ অন্য চিকিৎসকেরা সেবা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

×