ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি লাবিব হলেন ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি
ছবি-সংগৃহীত
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি আহসান লাবিবকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। হত্যা মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় সংগঠনটির শীর্ষ নেতৃত্বে এলেন তিনি।
বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে জুলাইয়ের আন্দোলনে হামলায় জড়িত থাকার সন্দেহে কয়েকজন শিক্ষার্থী মারধর করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় নেওয়ার পর মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। পরে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলায় আহসান লাবিবসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন। তদন্ত কর্মকর্তা এসআই মো. আনিসুর রহমান বাপ্পী বলেন, ‘মামলাটি বর্তমানে তদন্তাধীন। বিভিন্ন বিষয় যাচাই-বাছাই ও আলামত পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে এর বেশি মন্তব্য করা সম্ভব নয়।’
আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ এলেই তাঁকে অপরাধী বলা যায় না। আসামি হওয়া আর আদালতে দোষী সাব্যস্ত হওয়া এক বিষয় নয়। আদালতের রায় না হওয়া পর্যন্ত একজন আসামি নির্দোষ।’
আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের জাকসু নির্বাচনে তিনি সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে জাকসুর শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও হন।