চালক-শ্রমিকদের কর্মবিরতি
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ছবি: আনোয়ার হোসেন মিন্টু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪১
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ফলে গতকাল বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা ও জামালপুর-টাঙ্গাইল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো বাসই ছেড়ে যায়নি। এতে রাজধানী ঢাকায় যাওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা দেন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর করা হয়।
এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে তারা বাস চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ বলেন, চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। মহাসড়কে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি সমাধানে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাস চলাচলে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।