নেত্রকোনায় আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫১
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, টিনের ঘর ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দেন।
ভোর ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ও ফারুকসহ ছয় দোকানদারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলম জানান, আগুনে টিনের ঘর ও অবকাঠামোসহ কাপড়ের ছয়টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- দোকান
- ফায়ার সার্ভিস