লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন জব্দ
ছবি: সমকাল
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৫
নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচারকালে ৪০ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের মাকড়াইল বটতলা এলাকা থেকে নসিমনটি জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সার-সংকট থাকায় নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের কয়েকটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে লাহুড়িয়ায় আনার পথে মাকড়াইল এলাকার লোকজন নসিমনটি আটকে করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন। পরে সারগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হয়।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারসহ নসিমনটি জব্দ করা হয়। পরে স্থানীয় কৃষকদের মধ্যে সারগুলো বিক্রি করে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত সার ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সার
- জব্দ
- লোহাগড়া
- উপজেলা নির্বাহী কর্মকর্তা