ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন কারাদণ্ড
×

মো. জসিম উদ্দিন। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২১

কুমিল্লার বরুড়ায় ধর্ষণের পর ৯ বছরের শিশুকে হত্যার ঘটনায় মো. জসিম উদ্দিনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী।

মামলার অভিযোগে বলা হয়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ত। পরীক্ষা শেষে সে পাশের গ্রাম পূর্ব গজারিয়ায় খালার বাড়িতে বেড়াতে আসে। ২০২২ সালের ১৪ ডিসেম্বর বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় প্রতিবেশী জসিমকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাশের বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী বলেন, জসিম শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা সবাইকে বলে দেওয়ার ভয় দেখালে জসিম শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখেন। পরে বরুড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। জসিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শিশুর মা বলেন, আমার মেয়েকে জসিম নিষ্ঠুরভাবে দম বন্ধ করে হত্যা করেছে। আমার দুই মেয়ের মধ্যে বড় ছিল। আমার কলিজার ধনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আমরা আসামির মৃত্যুদণ্ড চেয়েছি। সে আমার মেয়েকে যেভাবে হত্যা করেছে, আমিও তার মৃত্যু চাই।’

তিনি আরও বলেন, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করব।

আরও পড়ুন

×