অসুস্থতায় মিডটার্মে অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) । ফাইল ছবি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩১
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত হলে জরিমানা দিতে হবে শিক্ষার্থীদের। স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা দেওয়ার এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গত ১১ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভার সুপারিশের ভিত্তিতে ৩০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সিদ্ধান্তটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত থাকলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে স্নাতক (সম্মান) শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। পরীক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের শর্তে প্রচলিত নিয়মে এ জরিমানা আদায় করা হবে।
এ ছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকরা যথানিয়মে পারিতোষিক বিলের মাধ্যমে পরীক্ষার পারিতোষিক পাবেন বলে সিন্ডিকেটের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে অদূরদর্শী আখ্যা দিয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অধিকাংশ শিক্ষার্থীই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। অসুস্থতা কারও হাতে থাকে না। এমন পরিস্থিতিতে ১ হাজার ২০০ বা ১ হাজার ৫০০ টাকা জরিমানা নেওয়া প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়।’
জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৮ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে কারও না কারও অসুস্থতা, বিপদ বা পারিবারিক সমস্যা থাকতেই পারে। সবার আর্থিক সক্ষমতাও এক নয়। তাই মিডটার্ম পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত টাকা বা জরিমানা চাপিয়ে দেওয়া অযৌক্তিক। সিদ্ধান্তটি বাতিল করে শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীবান্ধব নীতি প্রণয়নের দাবি জানান তিনি।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন রানা বলেন, ‘প্রশাসনের এ সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এ সিদ্ধান্ত মেনে নেব না। শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহার করা উচিত। এত বেশি টাকা না নিয়ে নামমাত্র ফি নির্ধারণ করা যেত।’
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, জরিমানা আদায় করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, ‘জরিমানাটা আসলে মুখ্য বিষয় নয়। কারণে-অকারণে শিক্ষার্থীদের মধ্যে মিডটার্ম পরীক্ষায় অনুপস্থিত থাকার প্রবণতা বেড়ে গেছে। যে হারে শিক্ষার্থীরা মিডটার্ম পরীক্ষায় অংশ নিচ্ছে না, সে হারে ফাইনাল পরীক্ষায় অনুপস্থিত থাকার প্রবণতা নেই।’
প্রশাসনের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়মিতভাবে মিড সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে অসুস্থতার মতো অনিবার্য কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের ক্ষেত্রে জরিমানা আরোপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
- বিষয় :
- বেরোবি