ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চার হত্যা

বিচার বিভাগীয় তদন্ত চায় পূজা উদযাপন পরিষদ 

বিচার বিভাগীয় তদন্ত চায় পূজা উদযাপন পরিষদ 
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৭

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তাঁর স্ত্রী ও ছেলে–মেয়েকে নৃশংস হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। কমিটির নেতারা বলেছেন, গণপতি চক্রবর্তীর পুরো পরিবার নিশ্চিহ্ন করে নারকীয় হত্যার ঘটনা সারাদেশকে নাড়া দিয়েছে। এ বিষয়ে তদন্তের নামে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় দিকভ্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা ও উদ্বেগ গভীর হয়েছে। আমরা এই ধোঁয়াশা ও অনিশ্চয়তার অবসান চাই, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির এক মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা করা হয়। 

সভায় লিখিত বক্তব্য তুলে ধরেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন। আরও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ। 

লিখিত বক্তব্যে বলা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রাথমিকভাবে জানিয়েছে, সারাদেশে জুলাই মাসে ৪২টি ও আগস্ট মাসে ৩০টির মত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। তবে এটি অত্যাচার-নির্যাতনের আংশিক চিত্র মাত্র, সংঘটিত ঘটনার সংখ্যা আরও বেশি। গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ধর্মীয় বিদ্বেষ, ঘৃণা ও ধর্মান্ধতা প্রচার করা হচ্ছে, হিন্দুদের হুমকি দেওয়া হচ্ছে; তার ভয়ংকর প্রতিক্রিয়া হচ্ছে সমাজে। এর বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ দেখা যাচ্ছে না। আমরা মনে করি, সরকার এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেই এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে কঠোর অবস্থান থেকে।

সভায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি পুনর্ব্যক্ত করে বলা হয়, সরকার ও রাজনৈতিক দলগুলো এসব দাবি বিবেচনায় নিলে ধর্মীয় সংখ্যালঘু ও নৃগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে অনেকখানি পথ পাড়ি দেওয়া যাবে।

আরও পড়ুন

×