ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় পৃথক স্থান হতে ২ তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান হতে ২ তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২২

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি স্থান হতে সাইদুর সানা (২১) ও নাজমুস সাকিব (১৮) নামে দুই তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে উপজেলার কাশিমাড়ী (বল্লারটুক) ও বিড়ালাক্ষী গ্রাম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

সানা উপজেলার কাশিমাড়ী (বল্লারটুক) ও বিড়ালাক্ষী গ্রামের আব্দুস সামাদ সানার ছেলে ও সাকিব আসাদুজ্জামান মোল্যার ছেলে। মানসিক অসুস্থতা ও পারিবারিক কলহের জেরে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দাবি পরিবারের। 

আব্দুস সামাদ সানা জানান, তার ছেলে অনেকদিন ধরে মানসিক অসুস্থতা ও বিষণ্নতায় ভুগছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সাইদুর তার নানির ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না গলায় প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

নাজমুস সাকিবের চাচা আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য বিকেলে মাঠে খেলা করতে যায় তার ভাইপো। সন্ধ্যায় মাঠ থেকে ফিরে খাওয়া শেষে নিজের শোবার ঘরে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাতের বেলা তার ছোট বোন তোয়ালে গলায় প্যাঁচানো অবস্থায় বাঁশের আড়ার সঙ্গে ভাইকে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে নামালেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানসিকভাবে আগে থেকে অসুস্থ থাকা সাইদুরের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য নাজমুস সাকিবের মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। উভয় ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

×