অবিশ্বাস করবেন না, একটু সময় দেন: গয়েশ্বর রায়
ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০০:২৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা বিএনপির ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি অনুরোধ, ভুল করে অবিশ্বাস করবেন না। একটু সময় দেন। অর্থনৈতিক গতিশীলতাসহ দেশের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবেন।’
শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকারের ওপর চাপ তৈরি করতে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বেহেশতে যাওয়ার জন্য যে টিকিট বিক্রি করেছিল, সেই বেহেশতের ঠিকানা কোথায়, সেটি খোঁজার জন্য বিরোধী দল লংমার্চ করবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ষড়যন্ত্র অদৃশ্যে দানা বাঁধছে। ষড়যন্ত্র যখন দৃশ্যমান হবে, তখন বুঝবেন ওরা কত।’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৫ আগস্টের পর প্রকাশ্য হওয়া গুপ্তরা বিশ্ববিদ্যালয় সংসদ দখল করেছে। তারা ছাত্রলীগের পদ গ্রহণ করেছিল। অথচ ওদের কথাবার্তায় মনে হয়, আজকের সরকার ওদের দয়ার দান।’
গয়েশ্বর বলেন, ‘উত্তরাধিকার সূত্রে প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত পেয়েছি। এই প্রশাসন পেশাদার হতে পারেনি। পেশাদারিত্ব না থাকায় তাদের দিয়ে ভালো কাজ করানো কঠিন। তাদের অনেকেই আপা (শেখ হাসিনা) ফিরে আসবেন, সেই অপেক্ষায় রয়েছেন। সাহস থাকলে হাসিনা ফিরে আসুক। আমরাও চাই, ফিরে আসুক। জনগণ কী করতে চায়, আসলে তখন টের পাবেন, তার আগে টের পাবেন না।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ দীর্ঘদিনেও সাগর-রুনির হত্যাকাণ্ডের হদিস করতে পারেনি। তবে আশার আলো, কয়েক দিন আগে দুটি নাম এসেছে। একজন এক সময়ের প্রতাপশালী মেজর জেনারেল জিয়াউল হাসান, আরেকজন রোকেয়া প্রাচী। তদন্তে রহস্যের বিস্তারিত জানা যাবে। তবে সেই রহস্য হলো– তৎকালীন সরকারের অপকর্মের ডকুমেন্টারি উদ্ধার করা, যাতে সরকারকে বিব্রত হতে না হয়। এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাপ্রেমী সাংবাদিকরা নিহত রুনির বিরুদ্ধে কুৎসা রটান। এটি করে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছিলেন।’
- বিষয় :
- গয়েশ্বর চন্দ্র রায়