কক্ষে উইপোকা, মাঝরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কুমিল্লা সার্কিট হাউস
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১৫ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২২
কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষজুড়ে উইপোকার দাপট দেখে রাগে-ক্ষোভে সেখানে রাত্রিযাপন না করে অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
দলের নেতারা বলেন, ১১-দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বুকিং করা হয়।
তাদের অভিযোগ, রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। এ সময় পুরো কক্ষ, ব্যবহারের আসবাবপত্র ও কম্বলেও প্রচুর উইপোকার উপস্থিতি দেখে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলও চান তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। এরপরও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় এ উপনেতা।

এদিকে সার্কিট হাউসের ওই কক্ষের দাবি করে কিছু ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, কক্ষজুড়ে বেশ কয়েক জায়গায় উইপোকা রয়েছে।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউস সুসজ্জিত একটি আধুনিক মানের ভবন। এটি দেখভাল করার জন্য সরকারি জনবলও আছে। কিন্তু ভিআইপি অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। সেখানে দেখলাম উইপোকার বেশ দাপট। তাই অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা (ডা. তাহের) সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে কল করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, নতুন এ সার্কিট হাউসে আরও কক্ষ খালি ছিল। তবে অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় তিনি চলে যান।
- বিষয় :
- কুমিল্লা
- জামায়াত নেতা