ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগে বাড়ি ভাঙল এলাকাবাসী

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগে বাড়ি ভাঙল এলাকাবাসী
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২১

​ফরিদপুর সদর উপজেলার সিঅ্যান্ডবি ঘাট এলাকায় লিও পেট্রোল পাম্পের পাশে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে পাম্পের সামনে জড়ো হতে থাকে তারা। দুপুর আড়াইটার দিকে কয়েক শ মানুষ পাম্প-সংলগ্ন মাদক ব্যবসায়ী মিলনী, লাবু ও বাবুর বাড়ি ভাঙচুর করে। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে।

এলাকাবাসীর অভিযোগ, মিলনী, লাবু ও বাবু পরিবারের অন্তত ছয় সদস্য ইয়াবার কারবারের সঙ্গে জড়িত। তারা একই বাড়িতে বসবাস করেন। এই তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। স্থানীয় পরিবহন চালকরা সারাদিনের অর্জিত উপার্জনের পুরোটাই মাদকের পেছনে উজাড় করে দিচ্ছেন। বারবার চেষ্টা করেও তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না। তাই এলাকাবাসী তাদের বাড়িঘর ভাঙচুর করার জন্য গতকাল দুপুরে জড়ো হয়।

​খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের বিরত থাকার অনুরোধ জানান। তবে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা টিনের বাড়িতে ভাঙচুর চালাতে থাকে। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল তাদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।

ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা নাদিম হোসেন ও দুলাল হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে না গেলে আগামীকাল রোববার স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের পুরোপুরি উচ্ছেদ করবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×