সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. বাবুল
ড. নূরুল ইসলাম বাবুল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১১
| প্রিন্ট সংস্করণ
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলকে চূড়ান্ত করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মদীনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াতের থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে তাঁর নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ড. বাবুলের নাম ঘোষণা করেন। একই সঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীকে অবিলম্বে সিসিকের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় তাঁর পক্ষে নির্বাচনী মাঠে নামার দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর হারিয়ে যাওয়া নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেটকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. বাবুলকে মনোনীত করা হয়েছে।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন প্রমুখ।
- বিষয় :
- সিসিক