ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় দিনেও রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

দ্বিতীয় দিনেও রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
×

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪০

শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রিকশা, অটোরিকশা ও হিউম্যান হলারে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে নাটোর জেলার ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ করে দেওয়া হয়। শনিবার সকাল পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি।

বাস বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে এসে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার নাটোরের বাসশ্রমিকেরা রাজশাহী-দর্শনা রুটের একটি বাসের যাত্রী নামিয়ে তাদের নিজেদের বাসে তুলে দেন। পরে বাসটি আটকে রাখা হয়। এ ঘটনার জেরেই শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সকাল থেকে নাটোরের ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছেন।

তবে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়া নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকেরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এর জেরেই রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×