চাঁদপুরে জেলা পরিবেশ আইনবিদ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ
চাঁদপুর ত্রিনদী মিলনস্থল মোলহেডে ক্লিন চাঁদপুর ও জেলা পরিবেশ আইনবিদ সমিতির বৃক্ষরোপণ। ছবি - সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২
চাঁদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান বড়স্টেশন মোলহেডে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে ক্লিন চাঁদপুরের আয়োজনে ও চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, সারা দেশে সবুজায়নের উদ্যোগের অংশ হিসেবে এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, মোলহেডের বিভিন্ন স্থানে রোপণ করা গাছগুলো বড় হলে পর্যটকদের ছায়া ও অক্সিজেন দেওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বাড়াবে। সবাই মিলে কাজ করলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন চাঁদপুর গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, দৈনিক সমকালের সাংবাদিক ওয়াকিল আহমেদ হিরন, চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার, সহসভাপতি নুরুল হক কমল, যুগ্ম সম্পাদক শিরিন সুলতানা সুপ্তাসহ সংগঠন দুটির সদস্যরা।
আয়োজকরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগে মোলহেডের সৌন্দর্য আরও বাড়বে এবং দর্শনার্থীদের জন্য মনোরম ও সবুজ পরিবেশ তৈরি হবে।