ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার

ভৈরবে ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার
×

আব্দুল্লাহ আল সেন্টু ও মুর্শিদ মিয়া। ছবি: সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০১

কিশোরগঞ্জের ভৈরবে মধ্যরাতে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৃথক অভিযানে ইউপি সদস্য আব্দুল্লাহ আল সেন্টু (৪৫) ও যুবলীগ নেতা মুর্শিদ মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল সেন্টু উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পলতাকান্দা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি ওই এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার মুর্শিদ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত ইদ্দিস মিয়ার ছেলে। তিনি শিবপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য সেন্টু মিয়া ও যুবলীগ নেতা মুর্শিদ মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে ও পরে সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে  তাদের গ্রেপ্তার করা হয়।

ইউপি সদস্যের ভাই মঞ্জুর রহমান রউফ বলেন, আমার ভাই একজন জনপ্রিয় ইউপি সদস্য। তার নামে কোনো মামলা নেই। তিনি প্রতিহিংসার শিকার।

মুর্শিদ মিয়ার স্ত্রী জিয়াসমিন বেগম বলেন, আমার স্বামী এর আগেও থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এখন তিনি জামিনে রয়েছেন এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন। এখন আবার আরেকটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমার স্বামীর রাজনীতি করাই অপরাধ ছিল।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাদের অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×