রংপুরে চার খুন
দ্রুত তদন্ত করে বিচারকাজ শেষ করা হবে: ত্রাণমন্ত্রী
সাংবাদিকদের সাথে কথা বলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু। ছবি: সমকাল
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৩ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১১
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা দ্রুত তদন্ত করে বিচারকাজ শেষ করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। এই লোমহর্ষক হত্যাকাণ্ড আমরা কোনোভাবে মেনে নিরতে পারি না। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে। তদন্তের ক্ষেত্রে এ কারণে হয়তো একটু সময় লাগছে। তবে আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার অর্থে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যারা দায়ী, তাদের উন্মোচিত করা। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের কাছে জরুরি।
তিনি বলেন, এর আগে হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছি। এত বড় হত্যাকাণ্ড রংপুর শহরে এর আগে ঘটেছে কিনা আমার জানা নেই। এজন্য প্রশাসন একটু সময় নিচ্ছে, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কাজ শেষ করা যায়। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার কাজ শেষ করতে পারব।
এর আগে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। পরে বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।