ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
×

প্রতীকী ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৯

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

এ সময় ২০টি বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রতন নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০ নম্বর বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে আটক করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নে ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু ও বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গ্রামে সামাজিক দল গঠন নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই সূত্র ধরে সকালে দিপু সমর্থক দলিলপুর গ্রামের রতন নামের এক ব্যক্তি জমিতে সার ছিটাতে গেলে জামিরুল সমর্থকরা তাকে কুপিয়ে আহত করেন। এ ঘটনা জানাজানি হলে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় রতন শেখ, মনজের শেখ, হামিদ শেখ, ইকবাল শেখ, মুন্নাফ শেখ, লালচাঁদ শেখ, রাব্বি শেখ, রাজিব শেখসহ অন্তত ১০ জন আহত হন। 

রানা আহমেদ নামের এক ব্যবসায়ী বলেন, দিপুর সমর্থকরা আমার দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করেছেন।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। এলাকায় কী হয়েছে, তা আমি জানিনা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা বলেন, দলিলপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় দলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×