ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ধর্মঘট প্রত্যাহার, ৫ দিন পর সচল হিলি স্থলবন্দর

ধর্মঘট প্রত্যাহার, ৫ দিন পর সচল হিলি স্থলবন্দর
×

ছবি: সমকাল

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৯

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিকদের মধ্যে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য কিনতে বন্দরে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩১ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রেখেছিলেন দেশটির ব্যবসায়ীরা। পরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এর পরই শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতের অভ্যন্তরে ব্যবসায়িক জটিলতার কারণে ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সমস্যার সমাধান হওয়ায় পাঁচ দিন পর শনিবার থেকে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল বলেন, গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে হিলি স্থলবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তিনি প্রশাসনকে দ্রুত সমাধানের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে ভারতের হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা ও বাংলাদেশে পণ্য রপ্তানির বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

×