ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত বাইকে যৌন হয়রানি, তিন যুবককে গণপিটুনি

চলন্ত বাইকে যৌন হয়রানি, তিন যুবককে গণপিটুনি
×

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৩

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলে থাকা নারীকে যৌন নির্যাতনের চেষ্টাকারী যুবক ও তার দুই সঙ্গীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। চলন্ত বাইকে গায়ে হাত দেওয়ার চেষ্টার ঘটনায় পড়ে গিয়ে ওই নারী ও তার শিশুসন্তানসহ পাঁচজন আহত হয়েছেন।
 
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়ায় আওতাপাড়া নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন একজন মোটরসাইকেল চালক। এ সময় পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেলে থাকা তিন যুবকের একজন চলন্ত অবস্থায় ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এতে সেই বাইকের চালক নিয়ন্ত্রণ হারালে দুটি মোটরসাইকেলই সড়কে পড়ে যায়। আহত হন শিশুসহ পাঁচজন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এদিকে ঘটনা জানাজানি হলে এক পর্যায়ে আশপাশের লোকজন এসে ওই তিন যুবককে আটক করে গণপিটুনি দেন। তবে অভিযুক্তদের নাম বা পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা। 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় তিন যুবককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধরে মারধর করে ছেড়ে দিয়েছেন বলে শুনেছি। তাদের থানায় সোপর্দ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। এরপরও যদি কেউ এ বিষয়ে অভিযোগ দেন, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×