১৭ বছরে ফ্যাসিবাদী সরকার কোনো গ্যাসকূপ খনন করেনি: এস এম জিলানী
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৬ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৬
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার এ দেশে কোনো গ্যাসকূপ খনন করেনি। এমনকি তারা গ্যাসকূপ খনন বা উত্তোলনে কোনো পরিকল্পনাও গ্রহণ করেনি। যার ফলে এখন দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান রাতদিন এই বিদ্যুৎ সমস্যা নিয়ে কাজ করছেন। মধ্যপ্রাচ্য থেকে গ্যাস এনে শিগগিরই বিদ্যুৎ সমস্যার সমাধান করবেন।
আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা হুমকি-ধামকিতে ভয় পান না। জাতীয়তাবাদী দল হুমকি-ধামকির রাজনীতিতে বিশ্বাসী নয়। এ দলের নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতি করেন না। এরপরও যদি এ দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হয়, সেটি রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
বর্তমান সরকারের উন্নয়নের বিষয়ে এস এম জিলানী বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের কালি আঙুল থেকে মুছে যাওয়ার আগেই সরকার সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এরই মধ্যে ১০ হাজার টাকা করে সুদসহ কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃক্ষরোপণ ও খাল খনন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে।’
বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি উপজেলার পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, ফায়েকুজ্জামান শেখসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- গোপালগঞ্জ
- বিএনপি
- গ্যাস
- স্বেচ্ছাসেবক দল