ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাড়িতেই বিক্রি করতেন ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

নিজ বাড়িতেই বিক্রি করতেন ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী
×

গ্রেপ্তার দুজন

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০০:১৯

খাগড়াছড়ির রামগড়ে বসতঘরের শয়নকক্ষের জানালা দিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে স্থানীয় মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ বাড়িটি ঘিরে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করে।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ফরিদ উদ্দিনের লুঙ্গির কোঁচর থেকে একটি নীল জিপারযুক্ত প্যাকেটে ৫০ পিস ইয়াবা, নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী জাহানারা বেগমের পেটিকোটের কোমরের ডান পাশে গুঁজে রাখা আরেকটি নীল জিপারযুক্ত প্যাকেট থেকে ২৩ পিস ইয়াবা ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

রামগড় থানার ওসি নাজির আলম বলেন, জব্দ করা ৭৩ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দু'জনকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×