পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে আসামির মৃত্যু
মো. সোহাগ চৌধুরী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৩৫
নোয়াখালীর সুবর্ণচরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার ওরফে নবীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহাগ চৌধুরী মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানা পুলিশের একটি দল সোহাগকে গ্রেপ্তারের জন্য ঈদ্রিস মিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশকে মামলার বাদীর সঙ্গে কথা বলতে দেখে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
পুলিশের তথ্যমতে, সোহাগের বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩৮৫, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। ২০১৮ সালে দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৬, ৩৭৯, ৪২৭ ও ৩২৫ ধারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সঙ্গে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা জানতে পারেন। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
- বিষয় :
- নোয়াখালী
- পুলিশ
- আসামির মৃত্যু