ফুটবল খেলা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া, পিটুনিতে প্রাণ গেল বাবার
প্রতীকী ছবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২৩
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিশুর বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফুটবল খেলা নিয়ে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) ঝগড়া হয়। এ ঘটনার জেরে দুপুর ১টার দিকে সোহানের বাবা লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে জিহাদকে মারধরের জন্য ধাওয়া করেন।
খবর পেয়ে রবিউল ইসলাম সেখানে গেলে লুৎফরের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লুৎফর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউলের ঘাড় ও পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।