ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার উদ্যোগ নেওয়া হলে গণআন্দোলন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে আবারও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল শনিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীর নিমতলা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য দেন জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর মানুষ নিজেদের বসতভিটা, কৃষিজমি ও ভূগর্ভস্থ পানির উৎস রক্ষার দাবিতে আন্দোলনে নামেন। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকজন নিহত হন। আন্দোলনের পর সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ‘৬ দফা ফুলবাড়ী চুক্তি’ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
সংগঠনটির দাবি, সম্প্রতি সরকারের বিভিন্ন বক্তব্যে আবারও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা বলে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জি, বর্তমানে জিসিএম রিসোর্সেসের পুরোনো প্রকল্প পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
নেতারা বলেন, ফুলবাড়ী কয়লা খনি প্রকল্পের প্রভাব মূল্যায়নে বিভিন্ন সময়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানি, কৃষিজমি, জনবসতি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতির শঙ্কা তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘৬ দফা ফুলবাড়ী চুক্তি’র পূর্ণাঙ্গ বাস্তবায়ন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সব পরিকল্পনা বাতিল, জিসিএম রিসোর্সেসকে দেশ থেকে বহিষ্কার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, আবদুল মজিদ চৌধুরী, হামিদুল হক, এমএ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কয়লা