ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সাত বছর প্রবাসে

বাড়ি ফেরা হলো না চন্দনের

বাড়ি ফেরা হলো না চন্দনের
×

আলিফ আহমেদ চন্দন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

পরিবারের হাল ধরতে সৌদি আরবে গিয়েছিলেন আলিফ আহমেদ চন্দন। বাড়িতে রেখে গিয়েছিলেন বাবা, মা ও দুই বোনকে। মধ্যে একবার বাড়িতে এসে বিয়ে করেছেন। সাত বছরের চাকরি জীবনের অবসান ঘটিয়ে বাড়ি ফিরছিলেন গত বৃহস্পতিবার। এই খবরে বাড়িতে খুশির জোয়ার। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। সৌদি আরব থেকে খবর এসেছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চন্দনের।
চন্দন (২৪) কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মরুরা গ্রামের আব্দুল হাইয়ের একমাত্র ছেলে। চন্দনের মামা সৌদি প্রবাসী ওমর ফারুক ভাগনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পারিবারিকভাবে দেশে আনার জন্য চেষ্টা চলছে বলে জানালেন ওমর ফারুক।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম্মামের কর্মস্থল থেকে গত বৃহস্পতিবার দুপুরে চন্দনসহ কয়েকজন প্রাইভেটকারে করে বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে চন্দনের মৃত্যু হয়। খবর পাওয়ার পর থেকে চন্দনদের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রীসহ পরিবারের সদস্যদের কান্না যেন থামছে না।
ইউএনও রূপম দাস জানিয়েছেন, তিনি শুক্রবার রাতে খবরটি শুনেছেন। তিনি পরিবারটির সঙ্গে যোগাযোগ করবেন। মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ সরকারিভাবে কতটুকু কী করা যায়, চেষ্টা করবেন।
 

আরও পড়ুন

×