ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী 

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী 
×

মেট্রোপলিটন চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৮

চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির মূল কেন্দ্র। এখানকার ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করা এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

ব্যবসায়ী নেতাদের বক্তব্য শোনার পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সীতাকুণ্ডের বারবকুণ্ডু এলাকার ওজন স্কেল নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। ব্যবসায়ী নেতারা বলেন, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে এ স্কেলকে ঘিরে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে ব্যবসায়িক কার্যক্রমের গতি ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে স্কেলটি সরিয়ে নেওয়ার বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এলসি পেমেন্ট নিয়েও উদ্বেগ জানান ব্যবসায়ীরা। কোনো কোনো ক্ষেত্রে মূল নথি ছাড়াই ব্যাংক থেকে এলসির অর্থ পরিশোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন। এতে ব্যবসায়িক লেনদেনে ঝুঁকি বাড়ছে। মূল নথি যাচাই ছাড়া এলসি পেমেন্ট না দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে বাধ্যতামূলক নির্দেশনা এবং প্রয়োজনীয় আইন করার দাবি জানান ব্যবসায়ীরা।

এ ছাড়া ব্যাংক ঋণের উচ্চ সুদের হার কমানোর দাবিও তুলে ধরেন। ব্যবসায়ীরা বলেন, ঋণের সুদের হার বেশি থাকায় শিল্প ও ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিদ্যমান ব্যবসাগুলোও চাপের মুখে পড়ছে। তাই ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

ব্যবসায়ীরা আরও বলেন, বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে চট্টগ্রামের শিল্প ও বাণিজ্য কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শিল্পপতি আলহাজ খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, আব্দুস সালাম ও জসীমউদ্দিন চৌধুরী। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×