ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ভাগ্য বদলের আশায় বিদেশে, ফিরলেন কফিনবন্দি হয়ে

ভাগ্য বদলের আশায় বিদেশে, ফিরলেন কফিনবন্দি হয়ে
×

কফিনবন্দি শুভর মরদেহ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৭

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে কলারোয়ার শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে। আজ রোববার সকালে শুভর মরদেহ বাড়িতে পৌঁছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে। 

নিহত শুভ দাস (২৩) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি কর্মী– সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তারা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।

শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগে দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাঁর মরদেহ দেশে ফিরেছে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, শুভ দাস প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজ। পরিবারের স্বপ্ন আর বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিদেশ থেকে তাঁকে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। তরুণ ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর বাবা-মা।

শুভর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, শ্রীপতিপুরসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা জানান, ২০২৩ সালে শুভ জমি জায়গা বিক্রি করে লেবাননে যান। এরপর ২০২৬ সালের ১২ মে ইসরাইলি ড্রোন হামলায় শুভ নিহত হন। প্রায় ৪ মাস পরে তাঁর লাশ বাড়িতে পৌঁছেছে। ভাগ্য বদলের আশায় বিদেশে যাওয়া শুভ দাসের পরিবারের সামনে এখন অনিশ্চয়তার নতুন অধ্যায়। তাদের স্বজনদের পক্ষ থেকে পরিবারটিকে সহযোগিতা করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। 

কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানান, শুভর লাশ রোববার সকাল পৌনে ১০টায় তাঁর বাড়ি কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছেছে। ধর্মীয় রীতি অনুযায়ী তাঁকে সৎকারের প্রস্তুতি নিয়েছে তাঁর পরিবার।

আরও পড়ুন

×