এক হাতে গাছের চারা, অন্য হাতে লালকার্ড উঁচিয়ে দেশপ্রেমের শপথ
কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৫
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। এক হাতে গাছের চারা এবং অন্য হাতে লালকার্ড উঁচিয়ে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছে তারা।
রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান হয়। আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সভাতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবুল আলম সরকার। প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র দেবনাথ, শিক্ষক তফাজ্জল হোসেন সরকার, শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক হযরত আলী মুন্সী, নিসচার দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ন বনিক, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, মালিগাঁও ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিল্লাল হোসেন, সংগঠনের দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহসাংগঠিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, রেদওয়ান আহমেদ, শাকিল, হিমেল প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ করান। প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটি ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী, সামাজিক সচেতনতামূলক ও দেশপ্রেমমূলক বিভিন্ন কার্যক্রমে উদ্বুদ্ধ করেছে। সারাদেশে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ছয় লাখ ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে।