বিদ্যুৎস্পৃষ্টে ছোট ভাইয়ের মৃত্যু, আহত বড় ভাই
প্রতীকী ছবি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০১
সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী সাঈদুর রহমান সায়েম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ১০ বছর বয়সী বড় ভাই সিয়াম আহমেদ রাউল গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়া এলাকার আঙুরি মিয়ার বাড়ির ভাড়া বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সায়েম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে পৌরসভার মোগলপাড়া এলাকার আঙুরি মিয়ার বাসায় ভাড়া থেকে বসবাস করতেন। ঘটনার দিন সকালে তাঁর স্ত্রী লিপি বেগম শারীরিক অসুস্থতার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। স্ত্রীকে দেখতে যাওয়ার সময় তিনি তাঁর দুই ছেলে সিয়াম ও সায়েমকে বাসায় রেখে যান।
রোববার সকাল ৮টার দিকে বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাঈদুর রহমান সায়েমকে মৃত ঘোষণা করেন। আর বড় ভাই সিয়ামের অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- বিদ্যুৎস্পর্শে মৃত্যু