‘মৃত’ প্রসূতির পেট কেটে বের করা হলো জীবিত নবজাতক
ছবি: সংগৃহীত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৩
ঝিনাইদহের কালীগঞ্জে শিল্পী খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর পর অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে জীবিত নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার বারবাজারের নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রসূতির পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত শিল্পী খাতুন উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী।
পরিবার ও স্বজনদের অভিযোগ, প্রসবের জন্য শিল্পীকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির সময় তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনও ভালো ছিল। পরে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়।
তবে গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফাতিমা আক্তার বলেন, উচ্চ রক্তচাপজনিত কারণে শিল্পী শক বা তীব্র জটিলতার শিকার হয়েছিলেন। তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই মৃত্যু হয়। এরপর তাৎক্ষণিক অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ইসলাম হোসেন বলেন, অস্ত্রোপচারের আগে শিল্পী হঠাৎ বাথরুমে যান। সেখানে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে তিনি মারা যান। এরপর সিজার করে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমানুল্লাহ আল মামুন বলেন, প্রসূতির মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঝিনাইদহ
- প্রসূতির মৃত্যু
- নবজাতক