এমসিজে ও সিজেএন বাংলাদেশের যৌথ আয়োজন
খুবিতে গবেষণা দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৮
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তরুণ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিসার্চ অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক মেন্টরশিপ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেএন) বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা ও অংশীদারত্ব প্রদান করে জার্মান কোঅপারেশনের ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. মাহদী আল মুহতাসিম নিবিড়ের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিজেএন নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট কো-অর্ডিনেটর জিমি আমির এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শরাফত হোসেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা সম্পর্কে জানার যেমন সুযোগ হবে, তেমনি সামাজিক বিজ্ঞানের বৃহত্তর পরিসরে শিক্ষক ও শিক্ষার্থীদের কাজ করার আত্মবিশ্বাস তৈরি হবে, যা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাহায্য করবে।
দিনব্যাপী কর্মশালায় দুটি পৃথক টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম সেশনে ‘গুণগত গবেষণার দর্শন ও উপাত্ত বিশ্লেষণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ। দ্বিতীয় সেশনে ‘পরিমাণগত গবেষণা: উপাত্ত সংগ্রহ থেকে পরিসংখ্যানগত বিশ্লেষণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন অধ্যাপক ড. জিয়াউল হায়দার।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
- বিষয় :
- খুবি
- খুলনা বিশ্ববিদ্যালয়