বজ্রপাতে ধসে পড়ল মাটির ঘরের দেয়াল, ঘুমন্ত শিশুর মৃত্যু
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৫৬
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় আয়েশা আক্তার নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মীরবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান ও ফারজানা আক্তার দম্পতি কিছুদিন আগে তাদের একমাত্র শিশুসন্তান আয়েশাকে নিয়ে ধীতপুর গ্রামে শ্বশুর মুনতাজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। নিহত শিশুর বাবা সিদ্দিকুর রহমান শারীরিক অসুস্থতার কারণে স্ত্রী-সন্তানসহ বেশ কিছুদিন ধরেই শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার দিন সকালে মাটির একটি কক্ষে শিশুকন্যা আয়েশাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাবা সিদ্দিকুর রহমান। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘরের একটি মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু আয়েশার মৃত্যু হয় এবং তার বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা মাটি সরিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন। এরপর আহত সিদ্দিকুর রহমানকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। বজ্রপাতের পর মাটির দেয়াল ধসে চাপা পড়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
- বিষয় :
- ভালুকা
- শিশুর মৃত্যু