চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল, প্রাণ গেল ২ আরোহীর
প্রতীকী ছবি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৬
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে থাকা অবস্থায় প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায় বাসটি। এতে দুই আরোহীর মরদেহ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এসআই কাজী ওবায়দুল কবির বলেন, বাসটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারে নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।