ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
×

ইসমাইল হোসেন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৩ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৫

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় একটি ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ মামলায় রাজু ও শাওন নামের আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের কারণে তারা আলাদা থাকতেন। প্রায় এক মাস আগে ওই গৃহবধূর সঙ্গে ইসমাইলের পরিচয় হয়। এ সময় তিনি নিজেকে প্রভাবশালী নেতা দাবি করে স্বামীর সঙ্গে বিরোধ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন।

এজাহারে অভিযোগ করা হয়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ইসমাইল মুঠোফোনে ওই গৃহবধূকে একটি জায়গায় আসতে বলেন। সেখানে যাওয়ার পর মামলার অপর অভিযুক্ত রাজু তাকে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ইসমাইল তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে জানালে পরিবারের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×