ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ  নৌরুটে দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ
×

ফেরি বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলার পার হন যাত্রীরা। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটে সমকাল

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দুদিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। 
গতকাল মঙ্গলবার ধাওয়াপাড়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহন নিয়ে চালকরা অপেক্ষা করছেন। কেউ পরিস্থিতি বুঝে ঘাট থেকে ফিরে যাচ্ছেন, কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। 

স্থানীয়দের অভিযোগ, দুটি ফেরির একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকলেও সেটি মেরামত বা বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফেরিগুলো পুরোনো ও সংস্কার না করায় সেবা ব্যাহত হচ্ছে। 
গত রোববার সন্ধ্যা থেকে পদ্মায় পানি ও স্রোত বেড়ে যায়। সচল থাকা ফেরিটি তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না। এতে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফরিদপুর থেকে ধাওয়াপাড়া ঘাটে আসা সুরাইয়া রহমান জানান, তাঁর নানাবাড়ি পাবনায় যাওয়ার জন্য ধাওয়াপাড়া ঘাটে এসেছিলেন। কিন্তু ফেরি বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন। নদীতে প্রচুর স্রোত ও ঢেউ। এ অবস্থায় ট্রলারে ওঠা ঠিক হবে না। 

ফেরি বন্ধ থাকায় বেশি ভাড়া দিয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলারে নদী পার হচ্ছেন অনেকে। তাদেরই একজন নিহারিকা রহমান জানান, স্পিডবোটের ভাড়া দেড়শ টাকা করে নিচ্ছে। আগে একশ টাকা ছিল। আর ফেরির ভাড়া ছিল ৪০ টাকা। 
ধাওয়াপাড়া ঘাট এলাকার ব্যবসায়ী আজমল হোসেন জানান, এই ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলাচল করত, সেটিও এখন বন্ধ। 
বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘আমরা ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি।’ 

আরও পড়ুন

×