চার-পাঁচ বছরের মধ্যে স্থলপথে যুক্ত হবে ভোলা
শেখ রবিউল আলম
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৮
| প্রিন্ট সংস্করণ
বর্তমানে ভোলা জেলা মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে দুটি ফেরি চলাচল করছে। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস উদ্বোধনের পর নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন।
এদিন দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ করতে কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গত ২৭ আগস্ট এ রুটে ফেরি সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হয়। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয়প্রান্ত থেকে যাত্রা করছে। যাতায়াতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আমরা আলোচনা করছি। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (অর্থ) শেখ মু. নাসিম।
- বিষয় :
- শেখ রবিউল আলম