রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হওয়ার দেড় ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড ও মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জ্বরের উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।