সীতাকুণ্ডে আগুনে পুড়ল ৩০ দোকান
ছবি: সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৭
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল বাজারে অগ্নিকাণ্ডে ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ৩০টির অধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী শাহা আলম বলেন, দুটি বিয়ের অনুষ্ঠানের ফার্নিচার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। চার লাখ টাকার ওই ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত অপর হার্ডওয়্যার ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ ইয়াকুব বলেন, প্রায় এক যুগ আগে আমার বাবা দোকানটি গড়ে তুলেছিলেন। ভয়াবহ আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে। বাজারের ৪০ ব্যবসায়ী দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩০টি দোকান পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এর মধ্যে দুটি ইউনিট কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের এবং অপরটি আগ্রাবাদ ফায়ার সার্ভিসের। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- দোকান
- ফায়ার সার্ভিস
- সীতাকুণ্ড