ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হর্ন না বাজিয়ে সড়কে ছুটল শতাধিক বাইক

হর্ন না বাজিয়ে সড়কে ছুটল শতাধিক বাইক
×

গাজীপুর শহরে গতকাল বুধবার শব্দ দূষণবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা সমকাল

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

সড়কে সারি সারি মোটরসাইকেল। একটির পর একটি বাইক এগিয়ে চলছে। অথচ নেই চিরচেনা হর্নের শব্দ। নেই অযথা শব্দ করে পথচারী কিংবা অন্য চালককে সতর্ক করার প্রতিযোগিতাও। সাদা পতাকা হাতে, গায়ে ‘সাইলেন্ট ড্রাইভিং’ লেখা টি-শার্ট-নীরবতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে শতাধিক মোটরসাইকেল। গতকাল বুধবার দুপুরে এমনই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল গাজীপুর শহরের সড়কে। 
শব্দ দূষণমুক্ত গাজীপুর গড়ার লক্ষ্যে মোটরসাইকেল চালকদের অপ্রয়োজনে হর্ন ব্যবহার থেকে বিরত রাখতে আয়োজন করা হয় ‘সাইলেন্ট ড্রাইভিং’ বা হর্নমুক্ত যান চলাচলবিষয়ক ব্যতিক্রমী মতবিনিময় সভারও। সভা শেষে হর্ন না বাজিয়ে সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নগরবাসীর কাছে শব্দ দূষণবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেন বাইকাররা।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাইকাররা জরুরি প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর দৃঢ় অঙ্গীকার করেন। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণেরও প্রতিশ্রুতি দেন তারা।

সভায় হর্ন না বাজিয়ে নিরাপদে যান চালানোর বাস্তব অভিজ্ঞতা ও এর সুফল তুলে ধরেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। শব্দ দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, হর্নের অযাচিত শব্দ এক ধরনের অত্যাচার। একে শব্দসন্ত্রাস বললেও ভুল হবে না। নিজেদের বিরক্তি প্রকাশ করতে গিয়ে অন্যকে বিরক্ত করার অধিকার কারও নেই। একজন সুনাগরিক নিজের অধিকার প্রয়োগের সময় অন্যের অধিকার ক্ষুণ্ন করতে পারেন না। অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থেকে সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার  জসিম উদ্দিন বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সড়কে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও মানসিক চাপ কমাতে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি সামাজিক পরিবেশ উন্নত করতেও কার্যকর ভূমিকা রাখবে। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শতাধিক বাইকারের অংশগ্রহণে বের করা হয় ‘সাইলেন্ট ড্রাইভিং’ মোটর শোভাযাত্রা। 

আরও পড়ুন

×